সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক জানাতে বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ঢাকায় এসে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক প্রকাশ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার সকালে রাজনাথ সিং বাংলাদেশ হাইকমিশনে যাবেন। হাইকমিশন সূত্রে জানা গেছে, তিনি সেখানে গিয়ে শোকবইতে সই করেন এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকাহত বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এর আগে বুধবার খালেদা জিয়ার শেষ বিদায় জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। জানাজার পূর্বে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা হস্তান্তর করেন।
গত মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরপরই এক্সে (সাবেক টুইটার) শোকবার্তা দেন নরেন্দ্র মোদি। ইন্ডিয়ান এক্সপ্রেস–এর প্রতিবেদনে বলা হয়, দিল্লির এসব উদ্যোগকে বিএনপির নতুন নেতৃত্বের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।



