বিশ্বজুড়ে আনন্দ–উৎসবের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে ২০২৬ সাল। অস্ট্রেলিয়া ও জাপান থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা—সবখানেই চলছে নতুন বছরকে স্বাগত জানানোর নানা আয়োজন।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যাতেই নতুন বছরকে স্বাগত জানায় অস্ট্রেলিয়ার সিডনি। আতশবাজি ও আলোর উৎসবে রাতের আকাশ হয়ে ওঠে রঙিন ও ঝলমলে।
বুধবার দিবাগত রাতে যুক্তরাজ্যেও ২০২৬ সালকে স্বাগত জানানো হয়। লন্ডনের টেমস নদীর ওপর অনুষ্ঠিত হয় চমকপ্রদ আতশবাজির প্রদর্শনী, যার ঝলক দেখা গেছে বিভিন্ন গণমাধ্যমে। স্কটল্যান্ডের এডিনবরায় ঐতিহ্যবাহী হগমানে উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করে।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে ব্যাপক আয়োজনের মাধ্যমে। রিও ডি জেনিরোর বিখ্যাত কোপাকাবানা বিচে অনুষ্ঠিত হয়েছে বিশেষ পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টাইমস স্কয়ারে মূল অনুষ্ঠানের আগে প্রায় দশ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। এর আগেই ইউরোপজুড়ে প্যারিস, বার্লিন ও বার্সেলোনাসহ বিভিন্ন শহরে দেখা গেছে আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনী।
বিশ্বের অন্যান্য স্থানেও নানা আয়োজনে পালিত হচ্ছে নতুন বছর—কোথাও ঢাকঢোল ও ঘণ্টাধ্বনিতে, আবার কোথাও দুবাইয়ের বুর্জ খলিফায় চোখধাঁধানো আলোর প্রদর্শনীর মাধ্যমে।



