ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শোক জানান।
বিবৃতিতে তারেক রহমান বলেন, “শরীফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা যেন তাঁর রুহের মাগফিরাত করেন এবং তাঁকে জান্নাত নসিব করেন। তাঁর এই অকাল মৃত্যু আবারও আমাদের স্মরণ করিয়ে দেয়—রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে।”
তিনি আরও বলেন, “হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকাহত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই—দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার, শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
বিবৃতির শেষাংশে তিনি বলেন, “দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে আর কোনো ঘটনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে বা আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ব্যাহত না করে।”



