ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। একই সঙ্গে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এই শোকের মুহূর্তে যেন কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত না নেওয়া হয়। হাদিকে তিনি প্রতিবাদের এক অনন্য প্রতীক হিসেবে উল্লেখ করেন।
বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, “আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আমাকে টেলিফোনে এই সংবাদটি জানিয়েছেন।”
তিনি বলেন, “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন—এই দোয়া করি। তাঁর অকাল প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি।”
প্রধান উপদেষ্টা জানান, শহিদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। তাঁর মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ ছাড়া শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে হাদির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “হাদির চিকিৎসায় তারা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান—যিনি নিজেও একজন চিকিৎসক—ব্যক্তিগতভাবে চিকিৎসা তত্ত্বাবধান করেছেন।”
এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করে প্রধান উপদেষ্টা বলেন, “এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।”
তিনি আরও বলেন, “ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তাঁর কণ্ঠ স্তব্ধ করে ভয় দেখানোর অপচেষ্টা ব্যর্থ হবে। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।”
ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি আহ্বান জানান—ধৈর্য ও সংযম বজায় রাখতে, অপপ্রচার ও গুজবে কান না দিতে এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে। তিনি বলেন, “ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়াই হবে শহিদ শরিফ ওসমান হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”



