বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে ভারত কাজ করে যাচ্ছে। ভিসা কার্যক্রম কবে থেকে পুরোপুরি চালু হবে, তা তখনই স্পষ্টভাবে জানানো যাবে যখন সিদ্ধান্ত কার্যকর হবে।
চলতি মাসের শুরুর দিকে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে পারে।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, বৈঠকে ভারত-বাংলাদেশের মধ্যে ক্রস-বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ (এনার্জি কানেক্টিভিটি) জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কীভাবে দুই দেশের চলমান জ্বালানি ও বিদ্যুৎ প্রকল্পগুলো আরও শক্তিশালী করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।



