মহাকাশপ্রেমীদের জন্য চলতি মাসের শেষ দিকে দেখা মিলবে ব্যতিক্রমী এক আকাশদৃশ্যের। ২৭ থেকে ২৮ আগস্টের মধ্যে সংঘটিত চন্দ্রগ্রহণে চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ার আড়ালে চলে যাবে। পূর্ণগ্রাস না হলেও গ্রহণের সময় চাঁদের বিশাল অংশ লালচে-কমলা আভা ধারণ করতে পারে। এ কারণে দৃশ্যটি অনেকটা পরিচিত ‘ব্লাড মুন’-এর মতো মনে হবে।
জ্যোতির্বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন স্কাই অ্যাট নাইট জানিয়েছে, বাংলাদেশ সময় ২৮ আগস্ট সকাল ১০টা ১৩ মিনিটে গ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তখন পৃথিবীর ছায়া চাঁদের প্রায় সম্পূর্ণ অংশজুড়ে বিস্তৃত থাকবে।
চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একই সরলরেখায় অবস্থান করে। ফলে পৃথিবী সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছানোর পথে বাধা তৈরি করে এবং চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের নীল আলো তুলনামূলক বেশি ছড়িয়ে দেয়। বিপরীতে লাল ও কমলা আলোর একটি অংশ বায়ুমণ্ডল পেরিয়ে চাঁদের দিকে পৌঁছাতে পারে। এ কারণেই গ্রহণের সময় চাঁদে লালচে আভা দেখা যায়।
দৃশ্যটি সবচেয়ে স্পষ্টভাবে উপভোগ করা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে। এছাড়া চাঁদ পশ্চিম দিগন্তে অস্ত যাওয়ার সময় ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু এলাকা থেকেও গ্রহণের আংশিক পর্যায় দেখা যেতে পারে।



