রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, জাতীয় সংসদেই তার নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, ভোট দেওয়া এবং ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সব সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনি কর্মকর্তা হিসেবে দেওয়া স্বাগত বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যেভাবে ভোট দেবেন এমপিরা
ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সিইসি জানান, প্রতিটি ব্যালটের মুড়িতে সংশ্লিষ্ট প্রার্থীর নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন।
ব্যালট হাতে পাওয়ার পর সেটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম সঠিকভাবে রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
ভোটগ্রহণ শেষ হলে ব্যালট পেপার গণনা করা হবে। গণনা শেষে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, তাকেই রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে এবং তার নাম জাতীয় সংসদেই জানিয়ে দেওয়া হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়ায় সাংবিধানিক বিধান ও নির্ধারিত নির্বাচনি নিয়ম অনুসরণ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।



