বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হয়। গণনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপ্রধান পেল বাংলাদেশ।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া শেষে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।



