রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় প্রায় ১৭ কাঠা জমির দখল নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম যুগান্তরকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং সর্বশেষ সেখানেই অবস্থান করছিল।
পুলিশ জানায়, ওই এলাকায় আগে দুটি বস্তি ছিল। প্রায় ১৭ কাঠা জমির মালিকানা ও দখল নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। হামলা ও ভাঙচুরের শিকার জমিটি নিজেদের বলে দাবি করছে একটি পক্ষ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আলম নামে এক প্রবাসী দেশের বাইরে অবস্থান করছেন। তার দখলে থাকা ওই জমির দুটি বস্তির মধ্যে একটি তিনি আগেই উচ্ছেদ করে জমি খালি করেন। এরপর থেকে জায়গাটি ফাঁকা অবস্থায় ছিল।
ওসি আব্দুল হালিম বলেন, খালি হয়ে যাওয়া জমিটি অন্য একটি পক্ষ দখলে নেওয়ার চেষ্টা করলে নতুন করে বিরোধের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে হামলা বা ভাঙচুরে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, ওই এলাকায় একাধিক পক্ষের জমি রয়েছে। জমির মালিকানা কিংবা দখলসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি পুলিশের এখতিয়ারভুক্ত নয়। তবে এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



