এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে হারাল বাংলাদেশ। চোট থেকে সেরে উঠে দলে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনই হয়ে উঠলেন জয়ের নায়ক। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে তার করা একমাত্র গোলেই আসে বহুল প্রতীক্ষিত এই জয়।
এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ আর এগোতে না পারলেও এই জয়টি বিশেষ গুরুত্ব বহন করে। কারণ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর কোনো স্বীকৃত ম্যাচে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।
ম্যাচের শুরুতে আক্রমণে কিছুটা গুছিয়ে উঠতে সময় নেয় জামাল ভূঁইয়ারা। অন্যদিকে ভারত কয়েকবার ডি-বক্সে ঢুকলেও গোল করতে ব্যর্থ হয়।
তবে দ্রুতই ছন্দে ফেরে বাংলাদেশ। বাম প্রান্ত থেকে রাকিবের আড়াআড়ি ক্রসে পা ছুঁইয়ে মোরসালিন গোল করলে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।
২০ মিনিটে গোলরক্ষক মিতুল মারমার ভুলে বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে হামজা চৌধুরীর সময়োপযোগী ক্লিয়ার সেই বিপদমুক্ত করে দলকে।
৩৪ মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের ধাক্কাধাক্কি থেকে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলের খেলোয়াড়রা প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়লেও রেফারি শেষ পর্যন্ত তপু ও বিক্রমকে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন।
প্রথমার্ধের বাকি সময়েও আক্রমণ-পাল্টা আক্রমণ দেখা গেলেও গোলের দেখা পায়নি কোনো দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ চাপ সৃষ্টি করে ভারত। দু’টি সুযোগ পেলেও গোল করতে পারেনি তারা। আক্রমণের ধার বজায় রেখেই খেলা চালায় সফরকারীরা।
৭৮ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে তপু বর্মণের নেওয়া শট ভারতের গোলরক্ষক ঠেকিয়ে দেন। ৮৩ মিনিটে ডি-বক্সে ভারতের এক ডিফেন্ডারের হাতে বল লাগলেও রেফারি পেনাল্টির আবেদন নাকচ করেন।
গ্যালারিতে বসে দলকে উৎসাহ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।



