tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ফ্যাসিস্ট আ.লীগের তিনটি ‘কারচুপির নির্বাচনে’ ভোট দিতে পারেনি জনগণ

ফ্যাসিস্ট আ.লীগের তিনটি ‘কারচুপির নির্বাচনে’ ভোট দিতে পারেনি জনগণ

নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইস মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনাসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, কারণ দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, আগের স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি ‘কারচুপির নির্বাচনে’ ভোট দিতে না পারা রেকর্ডসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

তার ভাষায়, ‘এটি আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। যারা গণঅভ্যুত্থানের সময় ঢাকা ও দেশের বিভিন্ন শহরের দেয়ালে গ্রাফিতি ও চিত্র এঁকেছিলেন, এখন তারাই ভোট দিতে আসবেন।’

ডাচ ভাইস মিনিস্টার বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করে বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে সময় সীমিত থাকা সত্ত্বেও তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি বাংলাদেশের শ্রম আইন সংস্কারকেও স্বাগত জানান। বলেন, সাম্প্রতিক সংস্কার নেদারল্যান্ডসসহ ইউরোপের আরও বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে। চলতি মাসের শুরুতে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর রাষ্ট্রপতি ইতোমধ্যে সংশ্লিষ্ট আইনে স্বাক্ষর করেছেন।

এছাড়া তিনি জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের পরিকল্পনা করছে নেদারল্যান্ডস। তার আশা, শিগগিরই এ চুক্তি সম্পন্ন হবে এবং বাংলাদেশের প্রতি ডাচ বিনিয়োগ আরও বাড়বে।

পাসকাল গ্রোটেনহুইস বলেন, ‘পঞ্চাশ বছর ধরে নেদারল্যান্ডস ও বাংলাদেশ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এখন আমরা এই সম্পর্ককে সমতা ও অংশীদারত্বের ভিত্তিতে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে উন্নীত করতে চাই।’

তিনি আরও জানান, নেদারল্যান্ডসের বিভিন্ন কোম্পানি যারা এত দিন বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেছে, তারা এখন সরাসরি বিনিয়োগে আগ্রহী এবং অংশীদার হিসেবে কাজ করতে চায়।