দীর্ঘ ১৭ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ও দক্ষিণী নির্মাতা আর বাল্কি। ২০০৯ সালে অমিতাভ বচ্চনকে নিয়ে নির্মিত প্রশংসিত সিনেমা ‘পা’-এর পর এবার নতুন একটি তামিল চলচ্চিত্রে জুটি বাঁধছেন তারা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে স্ক্রিপ্ট হাতে একটি বিহাইন্ড দ্য সিনস ছবি প্রকাশ করে নতুন কাজের খবরটি নিজেই জানিয়েছেন বিদ্যা বালান। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘New Beginnings #NewTamilFilm with #RBalki’।
ছবিতে ৪৭ বছর বয়সী অভিনেত্রীকে চশমা পরা অবস্থায় লম্বা বেণি করা চুলে হাতে থাকা স্ক্রিপ্ট পড়তে দেখা যায়। পোস্টটি প্রকাশের পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
তবে এখন পর্যন্ত সিনেমাটির নাম, গল্প কিংবা চরিত্র সম্পর্কে নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিদ্যা বালানের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটিকেই আপাতত ছবিটির কাজ শুরুর প্রথম আনুষ্ঠানিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘পা’ সিনেমায় অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। সিনেমাটি জাতীয় পুরস্কারও অর্জন করে। সেই ছবির দীর্ঘ সময় পর এবার সম্পূর্ণ ভিন্ন ভাষার একটি প্রজেক্টে আবারও আর বাল্কির সঙ্গে কাজ করছেন তিনি।
এদিকে ২০২৬ সালের শেষভাগে বিদ্যা বালানের হাতে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা। রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’-তে ‘কান্থা’ চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি সিনেমাটিতে তার চরিত্রের ফার্স্টলুক টিজারও প্রকাশ করা হয়েছে। ছবিতে বিদ্যা কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর জ্যেষ্ঠ কন্যার চরিত্রে অভিনয় করেছেন। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
অন্যদিকে আনিস বাজমির পরিচালনায় অক্ষয় কুমার ও রাশি খান্নার সঙ্গে একটি কমেডি-ড্রামা সিনেমাতেও অভিনয় করছেন বিদ্যা। কেরালায় নির্মিত সিনেমাটির প্রথম পর্বের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।



