tanaka
প্রচ্ছদসারাদেশফকিরহাটে সাবেক ইউপি সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফকিরহাটে সাবেক ইউপি সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিজ বসতঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা দেয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে খাটের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার সর্বশেষ শেখ মুজিবুর রহমানকে দেখা গিয়েছিল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্ত্রী ও ছেলে আগেই মারা যাওয়ায় তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করছিলেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।