চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনেই প্রবাসীরা দেশে ২ বিলিয়নের বেশি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্চের প্রথম ১৪ দিনে দেশে মোট ২২০ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ২৪ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ২৮ লাখ ডলার।
অন্যদিকে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি ১৫৫ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৪৫ লাখ ডলার।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন। সব মিলিয়ে মাসটিতে মোট ৩০২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ৩৬ হাজার কোটির বেশি টাকা।



