পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনকে ঘিরে জাতীয় ঈদগাহে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
প্রশাসক বলেন, ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে নবনির্বাচিত প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেওয়ার কথা রয়েছে।
তিনি জানান, প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা প্রবেশপথ এবং পৃথক নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।
জাতীয় ঈদগাহে যেসব সুবিধা থাকবে
প্যান্ডেল ও পরিবেশ
প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকা জুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত ফ্যান, লাইট এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবস্থা রাখা হয়েছে।
বৃষ্টির প্রস্তুতি
বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় রেখে বৃষ্টি প্রতিরোধক সামিয়ানা এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
অজু ও স্বাস্থ্যসেবা
প্যান্ডেলের ভেতরে প্রায় ১৪০ জন মুসল্লির একসঙ্গে অজু করার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রবেশপথে ও ঈদগাহ এলাকায় পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকবে। জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবা ও ভ্রাম্যমাণ টয়লেটের সুবিধাও রাখা হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা
ময়দানে প্রবেশের জন্য ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য মোট চারটি ফটক এবং বের হওয়ার জন্য সাতটি ফটক রাখা হয়েছে। পুরো এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ প্রস্তুতি থাকবে।
প্রশাসক মো. আবদুস সালাম জানান, প্রধান জামাতে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।
তিনি বলেন, মুসল্লিদের নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ধারালো বস্তু বা দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য মুসল্লিদের প্রতি অনুরোধ জানান তিনি।
এ সময় প্রশাসক নগরবাসীকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঈদগাহে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে আয়োজিত প্রধান জামাতে অংশগ্রহণের আহ্বান জানান।



