tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশ‘হেয়ারকাট’ বাতিলে চট্টগ্রামে ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ শাখায় তালা

‘হেয়ারকাট’ বাতিলে চট্টগ্রামে ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ শাখায় তালা

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানত ফেরত এবং মুনাফা থেকে অর্থ কর্তনের ‘হেয়ারকাট’ পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। গতকাল সকাল ১১টার দিকে খাতুনগঞ্জ এলাকায় ইউনিয়ন ব্যাংকের একটি শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভের এক পর্যায়ে ওই শাখার গেটে তালা ঝুলিয়ে দেন গ্রাহকরা। একই সময় এক্সিম ব্যাংকের সামনেও অনুরূপভাবে তালা দেয়ার ঘটনা ঘটে। এ বিক্ষোভে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের আমানতকারীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে আমির মার্কেট এলাকায় জড়ো হয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা ইউনিয়ন ব্যাংকের শাখার কার্যক্রম বন্ধ করে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা তাদের জমাকৃত অর্থ উত্তোলন করতে পারছেন না। তার ওপর নতুন করে ‘হেয়ারকাট’ পদ্ধতিতে আমানতের একটি অংশ কেটে রাখার সিদ্ধান্ত তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

আন্দোলনকারী মো. তানভীর বলেন, সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকলেও তা তুলতে পারছেন না গ্রাহকরা। পাশাপাশি এফডিআর থেকে পূর্বের পুরো মুনাফা না দিয়ে ২০২৪–২০২৫ সালের জন্য মাত্র ৪ শতাংশ মুনাফা রেখে বাকিটা মূলধন থেকে কেটে রাখার কথা বলা হচ্ছে।

গ্লোবাল ইসলামী ব্যাংকের গ্রাহক বিষু দত্ত অভিযোগ করেন, ২০২১ সালে উচ্চ মুনাফার আশায় এফডিআর করলেও এখন মেয়াদ শেষের আগেই মুনাফা সমন্বয় করে কেটে নেয়া হচ্ছে। এমনকি মূল আমানতও তুলতে পারছেন না বলে দাবি করেন তিনি।

সোশ্যাল ইসলামী ব্যাংকের আমানতকারী শারমিন আক্তার বলেন, ২০১৮ সালে রাখা টাকা এখনো তুলতে পারেননি। ব্যাংক জানিয়েছে, ২০২৮ সালের আগে অর্থ উত্তোলন সম্ভব নয়। তবে তখন টাকা পাওয়া যাবে কিনা—সে নিশ্চয়তাও নেই।

বিক্ষোভ চলাকালে গ্লোবাল ইসলামী ব্যাংকের একটি শাখায় উত্তেজনা চরমে পৌঁছায়। বিক্ষুব্ধ গ্রাহকরা শাখা ব্যবস্থাপককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

জানা যায়, প্রায় দুই শতাধিক গ্রাহক ওই দিন ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় অবস্থান নেন। তারা ‘হেয়ারকাট’ পদ্ধতি বাতিল, আমানতের সম্পূর্ণ অর্থ ফেরত এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবি জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আমানতের ওপর মুনাফা না দেয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। সরকারি ঘোষণার পরও বাস্তবে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হয়নি বলেও তারা দাবি করেন।

এ বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা জানান, ‘হেয়ারকাট’ বা লেনদেন সীমাবদ্ধতা সংক্রান্ত সিদ্ধান্ত তাদের এখতিয়ারে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “গ্রাহকরা তাদের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আমরা তাদের ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”