জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যতদিন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে, ততদিন বাংলাদেশের সঙ্গে ভারতের প্রকৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কার্যত জুলাই গণহত্যাকে সমর্থন জানাচ্ছে। ভারতের এই অবস্থান পরিবর্তন না হলে দুই দেশের সম্পর্ক শীতলই থাকবে বলে মন্তব্য করেন তিনি।
রবিবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এক পক্ষ সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে, আরেক পক্ষ নির্বাচন পেছাতে চায়। তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তি স্পষ্ট করা গেলে গণভোট নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হলেও কোনো সমস্যা নেই।
নাহিদ ইসলাম বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে না, তাদের সঙ্গে কোনো জোটে যাওয়া সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, একটি দলের চাপে সরকার বারবার সংস্কার–সংক্রান্ত টেক্সট পরিবর্তন করেছে। বাস্তবায়ন আদেশের প্রথম খসড়ায় ২৭০ দিন পর সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার যে বিধান ছিল, এনসিপি সেই প্রস্তাবকেই সমর্থন করে। এ বিধান পরিবর্তন হলে আদেশ সমর্থনের বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে বলেও জানান তিনি।
প্রতীক ইস্যুতে তিনি বলেন, নতুন দল হিসেবে সহযোগিতা করার পরিবর্তে নির্বাচন কমিশন তাদের কাজে বাধা সৃষ্টি করছে। “শাপলা কলি প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্ত আমরা আগেই প্রত্যাশা করেছিলাম। আমরা শাপলাই চাই,” যোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গণভোট নির্বাচনের আগে না পরে হবে—তা এখন বড় বিষয় নয়। তবে জুলাই সনদ অবশ্যই ড. ইউনূসকে জারি করতে হবে। “প্রেসিডেন্ট যদি এতে স্বাক্ষর করেন, তা হলে সেটি সংস্কারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার সমান হবে,” মন্তব্য করেন তিনি।



