জুলাই সনদে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
রোববার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাছির লেখেন, “অনেকে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টের বিরোধিতা করছেন। তারা বলছেন, বিএনপি ক্ষমতার ভারসাম্য চায় না। কিন্তু বাস্তবে জুলাই সনদের কিছু প্রস্তাব নির্বাচিত সরকারের ভারসাম্য নষ্ট করবে। এতে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হবে বিরোধী দলের নির্দেশনায়।”
উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত জুলাই সনদে পিএসসি নিয়োগ কমিটিতে তিনজন বিরোধী দলের ও দুজন সরকারি দলের সদস্য রাখার কথা বলা হয়েছে। দুদকের নিয়োগ কমিটিতেও বিরোধী দলের প্রাধান্য, ন্যায়পাল ও মহাহিসাব নিরীক্ষক নিয়োগেও একই ধরনের কাঠামো প্রস্তাব করা হয়েছে। ফলে সব ক্ষেত্রেই সরকারি দলের প্রতিনিধিরা সংখ্যালঘু হবেন, যা সরকারের কার্যকর সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, “দলের প্রধান কে হবেন, তা দলের নেতাকর্মীরাই নির্ধারণ করবেন। প্রধানমন্ত্রী দলের প্রধান হতে পারবেন না—এমন বিধান মৌলিক অধিকারের পরিপন্থী।”
সবশেষে নাছির উদ্দিন নাছির লেখেন, “বিএনপি এই বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। এসব প্রস্তাব মেনে নিলে নির্বাচিত সরকার কার্যত ক্ষমতাহীন হয়ে পড়বে এবং বিরোধী দল অযাচিত হস্তক্ষেপ করতে পারবে। এতে গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট হয়ে সরকার অকার্যকর হয়ে যাবে। তাই নোট অব ডিসেন্ট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।”



