tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলি কট্টরপন্থি মন্ত্রী বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা

ইসরায়েলি কট্টরপন্থি মন্ত্রী বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা

ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভিরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। দেশটি তাকে নিজেদের ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র আটক কর্মীদের নিয়ে বিদ্রূপাত্মক ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২২ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল বারো  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, “আজ থেকে ইতমার বেন গাভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হলো।” তিনি বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি বেন গাভিরের “নিন্দনীয় আচরণের” জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বেন গাভির নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে ফ্লোটিলার কর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। ভিডিওতে তাদের নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্যও করেন তিনি।

চলতি সপ্তাহে নৌবাহিনী সাইপ্রাস উপকূলসংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজগুলো আটকে দেয়। এ সময় প্রায় ৪৩০ জন অংশগ্রহণকারীকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার শতাধিক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়।

ঘটনার পর ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা ও স্পেনসহ কয়েকটি দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে। তারা এ আচরণকে “অগ্রহণযোগ্য” এবং মানবিক মর্যাদার পরিপন্থী বলে উল্লেখ করে।

জ্যাঁ নোয়েল বারো বলেন, “কোনো সরকারি কর্মকর্তার মাধ্যমে ফরাসি নাগরিকদের ভয়ভীতি দেখানো বা সহিংস আচরণের শিকার করা আমরা মেনে নিতে পারি না।” তিনি জানান, ইসরায়েলের ভেতর থেকেও বহু রাজনৈতিক ও সরকারি ব্যক্তিত্ব এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার ধারাবাহিক বক্তব্য ও কর্মকাণ্ডের অংশ হিসেবেই বেন গাভিরের আচরণকে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতি বেন গাভিরের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।