ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজা ঘিরে প্রায় এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এর আগে ডিএমপি জানায়, আজ শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এতে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।
শুক্রবার রাতে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজা চলাকালীন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি নগরবাসীর সুবিধার্থে কয়েকটি বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। এর মধ্যে রয়েছে—
মিরপুর রোড, ফার্মগেট, গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি, আসাদগেট ও ধানমন্ডি এলাকার বিভিন্ন সংযোগ সড়ক। পাশাপাশি জানাজা চলাকালীন সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এড়িয়ে চলতে এবং নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করতে সকল যানবাহন চালকদের বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন না করার অনুরোধ জানিয়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।



