কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।
তিনি জানান, ওসমান হাদির পরিবার, ডাকসু ও ক্যাবিনেট সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। সভায় নজরুল সমাধি প্রাঙ্গণে খালি থাকা একটি নির্দিষ্ট স্থানে ওসমান হাদির দাফনস্থল নির্ধারণ করা হয়।
শনিবার সকালে কবি নজরুলের সমাধির সামনে ওসমান হাদির নির্ধারিত কবরস্থান এক নজর দেখার জন্য সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তবে সে সময় পর্যন্ত কবর খোঁড়ার কাজ শুরু হয়নি।
এ বিষয়ে প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ জানান, কবর খোঁড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জনবল না থাকায় গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট কর্মীরা এসে শিগগিরই কবর খোঁড়ার কাজ শুরু করবেন।



