tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসারাদেশহবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে তাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এনসিপির দাবি, হামলায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তবে এ ঘটনার সঙ্গে ছাত্রদল বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

এনসিপির নেতাদের অভিযোগ, সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে নিয়ে সার্কিট হাউসে ফেরার পথে একদল ব্যক্তি তাদের গাড়িবহরে হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ রাত ৮টার দিকে তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।

হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা সদস্য সচিব মাহবুবুর রহমান মুবিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। এছাড়া তাদের বহনকারী কয়েকটি গাড়ি ভাঙচুরেরও অভিযোগ করা হয়েছে।

এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল বলেন, সমাবেশ শেষে সার্কিট হাউসে যাওয়ার পথে থানা মোড় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালান। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

অন্যদিকে, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন অভিযোগ অস্বীকার করে বলেন, শান্তিপূর্ণ হবিগঞ্জে কেউ উসকানিমূলক বা অশালীন বক্তব্য দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তার দায় তাকেই নিতে হবে। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনার খবর শুনেছেন, তবে এর সঙ্গে ছাত্রদল বা বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন। তার দাবি, কোনো বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন ধাওয়া দিয়েছেন।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। কারও হাত ভেঙেছে, কারও মাথা ফেটেছে। জেলা সদস্য সচিবকে রড দিয়ে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়েছে এবং একজনের চোখে গুরুতর আঘাত লেগেছে বলেও তিনি দাবি করেন। আহতদের হাসপাতালে নেওয়ার সময় হাসপাতালের সামনেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ‘জুলাই জাগরণ পদযাত্রা ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার হবিগঞ্জ সফরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সকালে তারা আজমিরীগঞ্জ উপজেলা সদরে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন। পরে বিকেল সাড়ে ৫টায় হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে সন্ধ্যায় সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দিলে সদর হাসপাতাল এলাকার কাছে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের মধ্যে এনসিপির নেতারা সোনালী ব্যাংকের কেন্দ্রীয় শাখায় আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত ৮টার দিকে তাদের নিরাপদে সার্কিট হাউসে পৌঁছে দেয়।