স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (এসসিবি) ৫৪ জন গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে অভিনব কৌশলে প্রায় ২৭ লাখ টাকা সরিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ভুক্তভোগীরা কোনো লেনদেন না করলেও হঠাৎ করেই তাদের কার্ড থেকে প্রতি বার ৫০ হাজার টাকা করে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই টাকা তুলে নেয় চক্রটি।
আগস্টের শেষ সপ্তাহে এ ঘটনা ঘটে। এরপর এসসিবি গ্রাহকদের জন্য বিকাশ ও নগদে ‘অ্যাড মানি’ সেবা সাময়িকভাবে স্থগিত করেছে। ব্যাংকটি জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক তদন্ত শুরু করেছে।
ভুক্তভোগী হাসিন হায়দার জানান, কোনো কারণ ছাড়াই তার কার্ড থেকে ৫০ হাজার টাকা কেটে নেওয়া হয় বিকাশে। ফোনে ওটিপি পেলেও তিনি তা কারও সঙ্গে শেয়ার করেননি। মাত্র কয়েক সেকেন্ডেই টাকা স্থানান্তর হয়ে যায়। তার মতে, এটি ব্যাংকের নিরাপত্তা ত্রুটি। আরেক গ্রাহক সাদিয়া শারমিন বৃষ্টি বলেন, সাত বছর ধরে কার্ড ব্যবহার করলেও এবারই প্রথম তিনি প্রতারণার শিকার হয়েছেন।
তবে এসসিবি কর্মকর্তারা দাবি করেছেন, সিস্টেমে কোনো ত্রুটি পাওয়া যায়নি। যেহেতু টাকা এমএফএস প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানান্তর হয়েছে, তাই দায়ভার পরিষ্কার করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, যেসব এমএফএস অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল, কয়েক মিনিটের মধ্যেই তা নগদে তোলা হয় এবং পরে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। এতে স্পষ্ট হয়েছে, ঘটনাটি একটি অভিজ্ঞ প্রতারক চক্রের কাজ।



