tanaka
প্রচ্ছদঅন্যান্যকুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ৬৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০৭

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের ৬৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০৭

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টানা ৪৮ ঘণ্টার এ অভিযানে মোট ২৮৮ জনকে আটক করা হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ২০৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় বিভিন্ন থানার পুলিশ সদস্যদের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে অংশ নেয়।

অভিযানে আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, গুরুতর কোনো অভিযোগ না থাকায় বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়। পাশাপাশি চিহ্নিত অপরাধীদের শনাক্ত করা এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে।