tanaka
প্রচ্ছদরাজনীতিপেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক, উদ্বেগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক, উদ্বেগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠককে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে বলে দাবি করেছে কলকাতার কয়েকটি সংবাদমাধ্যম। তবে বৈঠকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

সীমান্তে আওয়ামী লীগ নেতাদের কথিত এই তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোমবার (২৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলে সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি।

এর আগে রোববার কলকাতার একাধিক বাংলা ও ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পেট্রাপোল সীমান্তে ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের চার নেতা প্রায় দুই ঘণ্টা গোপন বৈঠক করেন। এতে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ এবং এ বিষয়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ভারতীয় কর্তৃপক্ষ কিংবা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব—কোনো পক্ষই এখন পর্যন্ত বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এ বিষয়ে সত্যতা যাচাই করতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করেছে যুগান্তর। তাদের কেউ বৈঠকের কথা সরাসরি স্বীকার করেননি, আবার কেউ বিষয়টি স্পষ্টভাবে নাকচও করেননি। বরং সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তারা।

কলকাতার নিউটাউনে অবস্থানরত আওয়ামী লীগের এক জেলা পর্যায়ের নেতার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বরং ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কলকাতায় অবস্থান করছেন, এমন দলের অন্য এক নেতার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা বলেন, ‘ভারতের সংবাদমাধ্যমে যা প্রকাশিত হচ্ছে, তা কি ভুল? যদি খবরগুলো মিথ্যা হয়, তাহলে আপনারা এই বৈঠকের সত্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন কেন?’

দলটির আরও কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করেও একই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাদের বক্তব্যেও বৈঠকের বিষয়টি সরাসরি অস্বীকার না করে প্রকাশিত সংবাদগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তোলার প্রবণতা দেখা গেছে।

কলকাতার সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, কথিত ওই বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

তবে ওই চার নেতার বৈঠকে উপস্থিতি কিংবা সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার দেশে প্রত্যাবর্তন, রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। এর মধ্যেই ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কথিত তৎপরতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।