ভারতের জনপ্রিয় বোতলজাত পানীয় জলের ব্র্যান্ড বিসলেরির একটি প্যাকেটজাত পানির নমুনায় দ্বিতীয় দফার পরীক্ষাতেও নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া গেছে। সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী এই রাসায়নিক উপাদানের উপস্থিতি শনাক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)।
রোববার (২২ নভেম্বর) বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দেয় ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি। পরীক্ষাগারে দুই দফা পরীক্ষাতেই নমুনাটিকে অনিরাপদ হিসেবে শনাক্ত করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিসলেরির কোন ধরনের প্যাকেটজাত পানীয়তে এই উপাদান পাওয়া গেছে, তা নির্দিষ্ট করে জানায়নি এফএসএসএআই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট-২০০৬’ অনুযায়ী প্যাকেটজাত পানীয়সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
এফএসএসএআইয়ের তথ্য অনুযায়ী, পরীক্ষার জন্য বিসলেরি ইন্টারন্যাশনালের একটি প্যাকেটজাত পানির নমুনা সংগ্রহ করা হয়েছিল। এটি মিনারেল বা খনিজ পানি হিসেবে উল্লেখ করা হয়নি। প্রাথমিক পরীক্ষায় নমুনাটিতে ব্রোমেটের উপস্থিতি নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় নমুনাটি পরীক্ষা করা হয়। সেখানেও ব্রোমেটের মাত্রা অনুমোদিত সীমার মধ্যে পাওয়া যায়নি। এ কারণে আইন অনুযায়ী নমুনাটিকে ‘অনিরাপদ’ ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থাটি।
আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) এবং যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা ইউএস ইপিএসহ বিভিন্ন স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক প্রতিষ্ঠান ব্রোমেটকে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান হিসেবে চিহ্নিত করেছে।
বিসলেরির মতো পরিচিত ব্র্যান্ডের পানিতে এমন উপাদান শনাক্ত হওয়ার ঘটনায় বোতলজাত পানির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রেলস্টেশন, বাস টার্মিনাল কিংবা চলন্ত ট্রেন ও বাসে যেসব মানুষ বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত পানি কিনে পান করেন, সেগুলোর গুণগত মান নিয়েও প্রশ্ন উঠছে।
শুধু বিসলেরি নয়, আরও কয়েকটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে এফএসএসএআই। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বসন্ত মশালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি বিধিবিধান অনুসরণে ব্যর্থ হওয়ায় উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্স স্থগিত করেছে সংস্থাটি।
এ ছাড়া একটি কনফেকশনারি প্রতিষ্ঠানের পণ্য প্রত্যাহারের নির্দেশও জারি করা হয়েছে। ওই প্রতিষ্ঠানকে বাজারে সরবরাহ করা আগে থেকে প্যাকেটজাত চকোলেট-ভরা কুকিজ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষায় পণ্যগুলোও অনিরাপদ হিসেবে শনাক্ত হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছর ভারতে খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান (এফবিও) এবং ই-কমার্স সংস্থাগুলোর বিরুদ্ধে নজরদারি ও আইন প্রয়োগের কার্যক্রম আরও জোরদার করেছে এফএসএসএআই। একই সঙ্গে এনার্জি ড্রিংক ও অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অভিযান বাড়িয়েছে দেশটির খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি।



