শেখ হাসিনার পরিবারসহ দেশের ১১টি শিল্প গ্রুপের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ১ হাজার ৬৭৯ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। এছাড়া মোট ৪৬ হাজার ৮০৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।
প্রতিবেদন অনুযায়ী, জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে—
- স্থাবর সম্পদ: ৭ হাজার ৭৭৪ কোটি টাকা
- অস্থাবর সম্পদ: ৩৯ হাজার ৩০ কোটি টাকা
স্থগিত হওয়া ব্যাংক ও বিও হিসাবও আদালতের মাধ্যমে পরবর্তীতে জব্দ করা হয়েছে।
এর আগে শেখ হাসিনার পরিবারসহ এসব শিল্প গ্রুপের পাচারকৃত অর্থ এবং বিদেশে গড়ে তোলা সম্পদের তথ্য প্রকাশিত হয়। এরপর আন্তর্জাতিক সংস্থার সহায়তায় ১১ প্রতিষ্ঠানের মধ্যে ১০টির বিষয়ে তদন্ত চালিয়ে প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছে বিএফআইইউ।



