ইরানের পারমাণবিক নীতি কি বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে যাচ্ছে? দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাম্প্রতিক বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে এই প্রশ্ন উঠেছে। তিনি জানিয়েছেন, ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে। তবে সেই প্রয়োজন কীভাবে নির্ধারিত হবে, তা নির্ভর করবে পরিস্থিতির ওপর। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ পারমাণবিক নীতি নিয়ে সরকারের ভেতরে বড় ধরনের কৌশলগত আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচির এমন মন্তব্য সামনে আসে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে তার এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, ইরান হয়তো শুধু শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে, যুদ্ধ বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা চাইছে। ফলে তেহরানের নতুন অবস্থান কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
দীর্ঘদিন ধরে ইরান দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা ও কৃষিসহ বিভিন্ন শান্তিপূর্ণ খাতে ব্যবহার। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জারি করা ধর্মীয় ফতোয়াতেও পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়েছিল। ১৯৭০ সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী ইরান বরাবরই শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে নিজেদের অবিচ্ছেদ্য অধিকার বলে দাবি করে আসছে।
তবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি স্পষ্ট করেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না। বরং প্রয়োজন অনুযায়ী তা দেশের ভেতরেই ব্যবহার করা হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলার আগে ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ করা প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম মজুত ছিল। সাধারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় ৩ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। অন্যদিকে, পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা প্রায় ৯০ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, ৬০ শতাংশ থেকে ৯০ শতাংশে পৌঁছাতে তুলনামূলকভাবে অল্প সময় লাগতে পারে।
আরাগচি জানিয়েছেন, পারমাণবিক নীতিতে পরিবর্তন আনা হবে কি না, তা নিয়ে ইরানের আইনপ্রণেতা ও কর্মকর্তাদের মধ্যে জোর আলোচনা চলছে। এ বিষয়ে উভয় পক্ষেরই শক্তিশালী যুক্তি রয়েছে। নীতি পরিবর্তনের পক্ষে থাকা ব্যক্তিদের দাবি, পারমাণবিক অস্ত্র তৈরি না করার অবস্থান বজায় রেখেও গত বছর ও চলতি বছরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো রক্ষা করা যায়নি।
আরাগচি বিষয়টিকে জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তবে পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হলে তার প্রভাব সুদূরপ্রসারী হবে বলেও সতর্ক করেছেন তিনি। যদিও এখন পর্যন্ত নীতি পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তেহরান।
এ বিষয়ে শুধু পররাষ্ট্রমন্ত্রীই নন, ইরানের নিরাপত্তা বিভাগের শীর্ষ পর্যায় থেকেও নতুন করে আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। চলতি মাসের শুরুতে দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই নতুন করে যুদ্ধ শুরু হলে আগের পারমাণবিক নীতি বহাল রাখা হবে কি না, তা নিয়ে আলোচনার কথা জানান।
এ ছাড়া গত ১২ নভেম্বর ইরানের সর্বোচ্চ নেতা নিয়োগকারী সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ জানায়, দেশের প্রতিরক্ষা নীতি পুনর্মূল্যায়ন এবং প্রতিরোধ সক্ষমতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি। জার্মান-ইরানি রাষ্ট্রবিজ্ঞানী আলি ফাতহুল্লাহ-নেজাদ আল জাজিরাকে বলেন, ইরানের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন অবস্থানের প্রতি সমর্থন জানানোর ঘটনা এই প্রথম।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পারমাণবিক চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়। কিন্তু ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর ইরানও চুক্তির নির্ধারিত বিধিনিষেধ মানা বন্ধ করে দেয়।
২০২৫ সালের জুনে আইএইএ জানায়, ইরান আন্তর্জাতিক পারমাণবিক নিয়ম মেনে চলছে না। এর কয়েক দিন পর ১২ দিনের যুদ্ধে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। চলতি বছরের মার্চে আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি জানান, হামলার পরও ইরানের অন্তত ২০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম টিকে রয়েছে, যা সম্ভবত ইসফাহানের ভূগর্ভস্থ এলাকায় সংরক্ষিত আছে।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে ‘গভীর উদ্বেগের বিষয়’ হিসেবে দেখছে আইএইএ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশ্ন তোলেন, পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা না থাকলে ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন কী?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। অন্যদিকে, অঘোষিত পারমাণবিক অস্ত্রের অধিকারী ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে ইরানকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে সেই হুমকি চিরতরে দূর করার আহ্বান জানিয়েছেন।
পারমাণবিক অস্ত্র তৈরির পথে কি ইরান?
বিশ্লেষকদের মতে, ইরান শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক রুজবেহ পারসি আল জাজিরাকে বলেন, এমন সম্ভাবনাকে এখন আর পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধ তেহরানের কৌশলগত হিসাব-নিকাশ বদলে দিয়েছে। আগে এনপিটি থেকে বেরিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির আলোচনা সীমিত পরিসরে থাকলেও এখন তা বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে।
ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমন ম্যাবনের মতে, আত্মরক্ষার দৃষ্টিকোণ থেকে ইরানের এমন চিন্তার পেছনের যুক্তি বোঝা সম্ভব। তবে পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সাংঘর্ষিক হবে।
ইরানের অভ্যন্তরেও এ বিষয়ে মতপার্থক্য রয়েছে। কট্টরপন্থি নেতা ও আইনপ্রণেতাদের একটি অংশ মনে করেন, বর্তমান শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানো জরুরি। বিপরীতে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের মতো নেতারা পারমাণবিক অস্ত্র তৈরির বিরোধিতা করছেন। তাদের আশঙ্কা, এমন সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর আরও বড় ধরনের সামরিক হামলা চালাতে পারে।
রাষ্ট্রবিজ্ঞানী ফাতহুল্লাহ-নেজাদের মতে, ইরান আপাতত এই অনিশ্চয়তা ও অস্পষ্টতাকে কৌশল হিসেবে ব্যবহার করছে। এতে একদিকে নিজেদের সম্ভাব্য অবস্থান নিয়ে চাপ তৈরি করা যাচ্ছে, অন্যদিকে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টিও খোলা রাখা হচ্ছে।
বিশ্লেষকদের আশঙ্কা, ইরান সত্যিই পারমাণবিক নীতি পরিবর্তন করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা আরও কঠিন হয়ে উঠবে। কারণ, আলোচনার শুরুতেই ওয়াশিংটন তেহরানের কাছ থেকে পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের ছাড় চাইছে। অন্যদিকে, ইরান অবরোধ প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত দেওয়া এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধসহ সাতটি শর্ত দিয়েছে।
অধ্যাপক সাইমন ম্যাবন সতর্ক করে বলেছেন, ইরান নিজেদের নিরাপত্তার স্বার্থে পারমাণবিক নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল সেটিকে আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্য আরও ভয়াবহ সংঘাতের ঝুঁকিতে পড়তে পারে।
সূত্র: আল জাজিরা ও আন্তর্জাতিক গণমাধ্যম



