জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাধিক বৈঠক ও আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, জাতীয় নির্বাচন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি), শরণার্থী সংকট, সামাজিক উদ্যোগ, ক্রীড়া ও বৈশ্বিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর, অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক সহযোগিতা এবং চুরি হওয়া জাতীয় সম্পদ ফেরত আনার বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। অজয় বঙ্গা ইউনূসের নেতৃত্বে গত ১৪ মাসের অগ্রগতি প্রশংসা করেন এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে বিশ্বব্যাংকের অব্যাহত সহায়তার আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জাতির ইতিহাসের সংকটময় সময়ে এ সহায়তা বাংলাদেশকে সঠিক পথে রাখছে।’ তিনি চুরি হওয়া সম্পদ ফেরত আনা ও চট্টগ্রাম বন্দর আধুনিকীকরণে বিশ্বব্যাংকের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এটি এ অঞ্চলের প্রবৃদ্ধির মূল চাবিকাঠি। আধুনিকায়িত হলে বাংলাদেশসহ নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চল সরাসরি উপকৃত হবে।’
এ বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।
অন্য এক বৈঠকে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, সংস্কার কার্যক্রম, সামাজিক ব্যবসা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে।’ মেয়র হিদালগো সংকটময় সময়ে ইউনূসের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং রোহিঙ্গা তহবিল বৃদ্ধির আহ্বান জানান।
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত আরও কয়েকটি বৈঠকে ড. ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদরস আধানোমের সঙ্গে বৈশ্বিক স্বাস্থ্য, নির্বাচন এবং সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা করেন। তিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আশ্বাস দেন।



