পটুয়াখালীর বাউফলের নাজিরপুরে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে একসঙ্গে চার শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা মন্নান গাজীর মেয়ে সানজিদা আক্তার (১২) গত ১০ মে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময়ের পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে জানা যায়, একই এলাকার আরও তিন শিক্ষার্থী— আয়শা আক্তার (১৩), ইসমত জেরিন সাজনিন (১২) ও সানজিদা আক্তার রাইসা (১৪)— একই সময়ের মধ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ চারজনই নাজিরপুর এলাকার বাসিন্দা। তাদের মধ্যে রাইসা, আয়শা ও সানজিদা নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাজনিন একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাননি।
নিখোঁজ আয়শার বাবা আলী হোসেন জানান, বগা এলাকায় কেউ একজন ঢাকা রুটের বাসের টিকিট কেটে দেয় এবং সেখানে একজন নারীও ছিলেন বলে জানা গেছে। পরিবারটির আশঙ্কা, চার শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে কোথাও নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশ কাজ করছে এবং তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।



