tanaka
প্রচ্ছদসারাদেশজেদ্দা থেকে আসা যাত্রীর ব্যাগ ও পোশাকে মিলল প্রায় দেড় কেজি স্বর্ণ

জেদ্দা থেকে আসা যাত্রীর ব্যাগ ও পোশাকে মিলল প্রায় দেড় কেজি স্বর্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা মো. শরীফ নামের ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তিনি নোয়াখালীর সেনবাগ এলাকার বাসিন্দা এবং মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার সদস্য বলে জানা গেছে।

রাতে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিমানবন্দরের অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় শরীফের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে তল্লাশি করা হয়। বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

ইব্রাহিম খলিলের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে যাত্রীর হ্যান্ড ব্যাগেজ ও পরনের পোশাক থেকে চুড়ি ও অন্যান্য অলংকারসহ মোট ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর স্বর্ণের পরিমাণ ও মূল্য নির্ধারণের কার্যক্রম শেষে চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা।