দেশে ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে সম্পূর্ণ অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ই-ঋণ সেবা চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা এখন আর ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে ঋণের আবেদন, অনুমোদন ও অর্থ গ্রহণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
সোমবার (১১ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবাকে আরও গ্রাহকবান্ধব ও গতিশীল করতে ব্যাংকগুলোকে দ্রুত ই-লোন কার্যক্রম চালু করতে হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ই-লোন নিতে পারবেন। এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। ই-ঋণের সুদহার ব্যাংকগুলো বাজারভিত্তিকভাবে নির্ধারণ করবে। তবে পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করা হলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার ৯ শতাংশ নির্ধারিত থাকবে।
ঋণ বিতরণ, কিস্তি পরিশোধসহ পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে ডিজিটাল মাধ্যমে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ঋণ আবেদন যাচাইয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য এবং অন্যান্য ডিজিটাল ভেরিফিকেশন ব্যবস্থা ব্যবহার করতে হবে। পাশাপাশি ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। খেলাপি ঋণগ্রহীতারা এই সুবিধার আওতায় আসবেন না।
এছাড়া সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে, সুদ, ফি, চার্জ, বিলম্ব মাশুল বা আগাম পরিশোধ ফি–সহ সব ধরনের খরচ সম্পর্কে গ্রাহককে আগে থেকেই পরিষ্কারভাবে জানাতে হবে। গ্রাহকের সম্মতি ছাড়া কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না।
সাইবার নিরাপত্তার বিষয়েও কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ), মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহারের মাধ্যমে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় প্রচলিত আইন ও নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
ই-লোন চালুর আগে প্রতিটি ব্যাংককে নিজস্ব নীতিমালা প্রণয়ন করে পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি ঝুঁকি ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করেই এ সেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।



