প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) একদিনের সরকারি সফরে বরিশাল যাচ্ছেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বরিশাল সফর। সফরে তিনি বৃক্ষরোপণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
রোববার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেবেন। সফরের অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিসৌধ এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী (সাগর নদী) তীরেও বৃক্ষরোপণ।
এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষে সোমবার সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফিরবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে দীর্ঘদিনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে সম্ভাব্য ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।



