tanaka

রাতের কৃত্রিম আলো কি বাড়িয়ে দিচ্ছে এডিস মশার কামড়ের সময়?

সূর্য ডোবার পর শহর যত আলোকিত হচ্ছে, ততই বদলাচ্ছে রাতের পরিবেশ। আর এর সঙ্গে এডিস মশার আচরণেও কোনো পরিবর্তন ঘটছে কি না, তা নিয়ে...
প্রচ্ছদজাতীয়২৫ বছর পূর্ণের আগে চাকরি ছাড়লে মিলবে না পেনশন: আপিল বিভাগের রায়

২৫ বছর পূর্ণের আগে চাকরি ছাড়লে মিলবে না পেনশন: আপিল বিভাগের রায়

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে কোনো কর্মকর্তা বা কর্মচারী পেনশন সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া একটি রায় বাতিল করে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেছেন বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ।

গত ১১ মার্চ দেওয়া এ রায়ের ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রায়ে আপিল বিভাগ বলেন, জাতীয় সংসদ আইন প্রণয়নের ক্ষেত্রে যৌক্তিক বিবেচনার ভিত্তিতেই এ বিধান করেছে যে, সরকারি চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ার আগে কেউ স্বেচ্ছায় পদত্যাগ করলে তিনি পেনশনসহ সংশ্লিষ্ট অবসর সুবিধা পাওয়ার অধিকারী হবেন না।

মামলার নথি অনুযায়ী, মো. মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী জজ হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। প্রায় ১৯ বছর চাকরি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে ২০১১ সালের ৩১ জানুয়ারি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।

পরে ২০১৫ সালে চাকরির ১৯ বছরের ভিত্তিতে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক (গ্র্যাচুইটি) পাওয়ার আবেদন করেন তিনি। তবে একই বছরের ২৫ মার্চ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় আইন ও বিচার মন্ত্রণালয়কে জানায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে পূর্ববর্তী চাকরিকাল বাজেয়াপ্ত হয়। ফলে সংশ্লিষ্ট ব্যক্তি পেনশনের জন্য যোগ্য বিবেচিত হন না।

এরপর ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে হাইকোর্টে রিট আবেদন করেন মাহবুব মোরশেদ। দীর্ঘ শুনানি শেষে ২০২১ সালের ১৮ মার্চ হাইকোর্ট চিঠিটিকে বেআইনি ঘোষণা করেন এবং রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে তাঁর চাকরির মেয়াদ অনুযায়ী পেনশনসহ অন্যান্য বকেয়া সুবিধা নির্ধারণ ও পরিশোধের নির্দেশ দেন।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। ২০২২ সালের ২৪ অক্টোবর আপিল বিভাগ লিভ মঞ্জুর করে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত রাখেন। পরবর্তীতে নিয়মিত আপিলের শুনানি শেষে গত ১১ মার্চ আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। অন্যদিকে রিট আবেদনকারী মাহবুব মোরশেদ নিজের পক্ষে নিজেই আদালতে শুনানি করেন।