জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (১৮ মে) ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ জানায়, ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাড়ারিয়া ৩৩ কেভি (একমি) এবং ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ কারণে ভাড়ারিয়া ৩৩ কেভি (একমি) এলাকার পুরো অংশসহ ধামরাইয়ের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। এসব এলাকার মধ্যে রয়েছে— ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাতরা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানশিরি আবাসিক এলাকা ও ঢুলিভিটা।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।



