ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি সফরকালে তিনি সিঙ্গাপুরে অবস্থানরত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফর সফলতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এরপর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য এবং জুলাই সনদ বাস্তবায়ন পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।



