tanaka
প্রচ্ছদরাজধানীসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি আবাসিক ভবন থেকে ডিবির গুলশান বিভাগের একটি দল তাঁকে আটক করে। পরে তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওও রয়েছে। সম্প্রতি সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর দায়ের করা ওই মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে চার নম্বর আসামি করা হয়েছে। মামলায় বেআইনি সমাবেশ, জোরপূর্বক অনুপ্রবেশ, মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, নিউ গিনি প্রপার্টিজে হামলা ও সহিংসতার পর মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় পুলিশ ও ডিবির যৌথ অভিযানে এ পর্যন্ত আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।