tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনটাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে শীর্ষ ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। তবে ৮০১ থেকে ১০০০-এর মধ্যে স্থান পেয়েছে দেশের তিনটি বেসরকারি ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।

এই পরিসরে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণার মান, গবেষণার উদ্ধৃতি বা সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে প্রতি বছর টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং প্রকাশ করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত ২০২৭ সালের র‍্যাংকিংয়ে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।

বাংলাদেশের ২৫ বিশ্ববিদ্যালয় তালিকায়

এবারের র‍্যাংকিংয়ে বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে।

একই অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

১২০১ থেকে ১৪০০ অবস্থানের তালিকায় রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

অন্যদিকে ১৪০১ থেকে ১৬০০ অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া ১৮০১ থেকে ২০০০ অবস্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।

শীর্ষে অক্সফোর্ড, দ্বিতীয় এমআইটি

২০২৭ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তানের অবস্থান

সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি)। বৈশ্বিক র‍্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ২৫৪তম।

অন্যদিকে পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কায়েদ-এ-আজম ইউনিভার্সিটি রয়েছে ৫৫১ থেকে ৬০০ অবস্থানের মধ্যে।