পরিচালক অভিনব কাশ্যপ ফের তোপ দাগলেন বলিউড সুপারস্টার সালমান খান ও তার পরিবারকে লক্ষ্য করে। সম্প্রতি এক মন্তব্যে তিনি বলেন, সালমান খানের বাবা সেলিম খানকে বলিউডের সেরা চিত্রনাট্যকার বলা ঠিক নয়। তাঁর মতে, সেলিম খান বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন প্রভাব খাটিয়ে।
এখানেই থামেননি তিনি। সালমান খান সম্পর্কে আরও কঠোর ভাষা প্রয়োগ করে বলেন, “সালমান তার বাবার মতোই প্রভাব খাটিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে আছেন। তাকে প্রকৃত সুপারস্টার বলা যায় না।” তিনি আরও বলেন, “সালমান এমন পরিবেশে বেড়ে উঠেছেন, যার প্রভাব তার আচরণ ও রুচিতে পড়েছে।”
অভিনব কাশ্যপের এই ক্ষোভের নেপথ্যে রয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতাও। তার দাবি, ‘দাবাং’ ছবির সিক্যুয়েল নির্মাণের সময় তাকে কোনও রকমে জানানো হয়নি। এছাড়া, সম্প্রতি একটি প্রথম সারির চ্যানেলের ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়, যার পেছনে সালমানের প্রভাব রয়েছে বলেই তিনি মনে করেন।



