প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ পুলিশ সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজ ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটদান শেষে রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্র ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি খোঁজখবর নেন। এ সময় তিনি ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, “আজ আনন্দের দিন। ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।”
তিনি দেশবাসীকে ‘নতুন বাংলাদেশ’ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সবাইকে এবারের গণভোটে অংশ নেওয়ার অনুরোধ জানাই। সবাইকে মোবারকবাদ। উপস্থিত ব্যক্তিরাও এ সময় তাকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গুলশানের আসনটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও মেয়ে।



