ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত এ উপজেলায় ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ২০ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলেও প্রথমদিকে উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি দেখা গেছে।
কেন্দ্র পরিদর্শনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও টহল কার্যক্রম লক্ষ্য করা গেছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথম সাড়ে চার ঘণ্টায় দেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “এ পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য আমাদের হাতে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেখানে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।”
ইসি সচিব আরও জানান, সারা দেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষে শুরু হবে ভোট গণনা।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থান থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের তথ্য মিলছে। নির্বাচন কমিশন নিয়মিত বিরতিতে ভোটের হালনাগাদ তথ্য গণমাধ্যমকে জানাবে বলে জানিয়েছে।



