সাব্বির রহমান রুম্মনের দায়িত্বশীল ব্যাটিংয়ে হোবার্ট হ্যারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। এই জয়ের ফলে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা।
রোববার অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ওভালে টস জিতে হোবার্টকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ এইচপির অধিনায়ক ইরফান শুক্কুর। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার দলটি।
শুরুতেই হোবার্টের ব্যাটিং লাইনআপে ধস নামে। জ্যাক ডোরেন ৪ বলে ৬, রাধাকৃষ্ণা ৫ বলে ৭ এবং ব্র্যাডলি হোপ ১৭ রান করে ফিরে যান। একের পর এক উইকেট হারালেও ত্যাগ উইলি একপ্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নেন। শেষ পর্যন্ত ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি। দলনেতা টিম ওয়ার্ড করেন ১৫ রান এবং রাফ ম্যাকমিলান যোগ করেন ১১ রান।
বাংলাদেশ এইচপির বোলারদের মধ্যে মোহাম্মদ রুবেল সবচেয়ে সফল। তিনি শিকার করেন ৩ উইকেট। রিপন মণ্ডল পান ২ উইকেট। এ ছাড়া আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট নেন।
১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ৪ রান করে হাবিবুর রহমান, ৯ রানে জিসান আলম, ৪ রানে আরিফুল হক এবং ৪ রান করে অধিনায়ক ইরফান শুক্কুর সাজঘরে ফেরেন।
এরপর শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে ইনিংস সামাল দেন সাব্বির রহমান। পঞ্চম উইকেটে দুজনের ৪৬ রানের জুটি বাংলাদেশকে জয়ের পথে ফিরিয়ে আনে। ২৪ বলে ১৬ রান করে শামীম আউট হলেও সাব্বির নিজের অর্ধশতক পূরণ করেন।
শেষ পর্যন্ত ৫৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন সাব্বির। এসএম মেহরবের ব্যাট থেকে আসে ১৩ রান। এরপর আব্দুল গাফফার সাকলাইন ও আবু হায়দার রনি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
১৯ রানে অপরাজিত থাকেন সাকলাইন, আর রনি অপরাজিত থাকেন ৮ রানে। ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি দল।



