সাবেক ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন অর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। তিনি জানান, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ।
রাজনৈতিক জীবনে হারুন অর রশীদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বে থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রেখে গেছেন। মৃত্যুকালে তিনি রাজনৈতিক অঙ্গনে অসংখ্য স্মৃতি, অভিজ্ঞতা ও কর্মময় অধ্যায়ের উত্তরাধিকার রেখে গেলেন।
হারুন অর রশীদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।



