tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদসারাদেশশাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে—এমন একটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অডিওটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ফাঁস হওয়া অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে স্থানীয়ভাবে দাবি করা হলেও এর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অডিওতে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে ঘিরে সহিংস পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির একজনের কণ্ঠ আরমান উদ্দিনের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অডিওর একটি অংশে একজনকে বলতে শোনা যায়, “লোহাগাড়ায় কোনোভাবেই সংসদ সদস্য আসতে পারবেন না। তিনি এলে পায়ে গুলি করে জবাব দেওয়া হবে।” এর জবাবে কথিতভাবে আরমান উদ্দিনের কণ্ঠে বলা হয়, তিনি একাধিকবার সংসদ সদস্যকে লোহাগাড়ায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে স্থানীয় জনগণের অনুরোধের কারণে তিনি সেখানে যেতে বাধ্য হন।

এ বিষয়ে বক্তব্য জানতে আরমান উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি জবাব দেননি।

ঘটনার বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ছিদ্দিকী বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। পুলিশ এখনো কোনো অডিও লিংক বা আনুষ্ঠানিক তথ্য পায়নি।”

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ বা তথ্য আসেনি।”

অন্যদিকে, লোহাগাড়া থানার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হলে তারাও এ ধরনের কোনো অভিযোগ বা তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

ফাঁস হওয়া অডিওটির সত্যতা যাচাই বা এ ঘটনায় কোনো তদন্ত কার্যক্রম শুরু হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে লোহাগাড়া ও সাতকানিয়ার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল, আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।