পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সংশ্লিষ্ট আটটি মামলায় জামিন পেয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত থেকে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এই রায় দেন। আদালত লাহোর হাইকোর্টের সেই রায় বাতিল করেছে, যেখানে ২০২৩ সালের সহিংসতার ঘটনায় ইমরান খানের জামিন আবেদন খারিজ করা হয়েছিল।
আদালতের নির্দেশ অনুযায়ী, ৭২ বছর বয়সী ইমরান খান যদি অন্য কোনো মামলায় অভিযুক্ত না হন, তবে তাকে মুক্তি দিতে হবে। তবে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত থাকায় তিনি আপাতত কারাবন্দীই থাকছেন।
ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত ইমরান খান বর্তমানে দুর্নীতি, সন্ত্রাসবাদসহ একাধিক মামলার মুখোমুখি। ২০২৩ সালের মে মাসে দুর্নীতির এক মামলায় গ্রেফতারের পর রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরে অবস্থিত সেনা সদর দপ্তরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালানো হয়, যা নিয়ে শুরু হয় এসব মামলার কার্যক্রম।



