tanaka
প্রচ্ছদজাতীয়কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

বিশেষ শিশু হোক কিংবা স্বাভাবিক শিশু—কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘Young Journalist Changemakers: Voice for Vulnerable Children’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। নবজাতক থেকে শুরু করে প্রবীণ নাগরিক—সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একই সুরক্ষার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের।

শিশুদের মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করার ওপর গুরুত্ব দেন তিনি। পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার বিভিন্ন ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে বলেও জানান।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে শিশুদের আশ্রয় ও শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে সুবিধাবঞ্চিত ও অভিভাবকহীন শিশুরা জন্মনিবন্ধন সনদসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে প্রশাসনিক জটিলতার কথা তুলে ধরে। তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন সমাজকল্যাণমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, সরকার ও জনগণ একে অন্যের পরিপূরক। দেশ ও সমাজের কল্যাণে বিদ্যমান সামর্থ্য ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন।

#বাংলাদেশ #সমাজকল্যাণমন্ত্রী #শিশু #শিক্ষা #শিশু_অধিকার #সচেতনতা #জাতীয়_সংবাদ