পলাতক ‘ফ্যাসিস্ট’ চক্র ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট চক্র বিদেশ থেকে ষড়যন্ত্রের জাল বুনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর ঠিক তখনই গুপ্ত ও সুপ্তরা তাতে পাখা দিয়ে বাতাস দিচ্ছে। কিন্তু এ দেশের জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করে সত্য ও ন্যায়ের পক্ষে অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে।’
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের’ প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এস এম জিলানী।
রিজভী বলেন, বাংলাদেশের জনগণ সব সময়ই নানা চক্রান্ত ও ষড়যন্ত্রকে পদদলিত করেছে। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সত্যের আলোকে দেশকে এগিয়ে নিতে জনগণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘এই বাংলাদেশ সত্যের বাংলাদেশ, বীরত্বের বাংলাদেশ, ঐতিহ্যের বাংলাদেশ। এই বাংলাদেশে মিথ্যার জাল বুনে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।’
দেশে পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, ‘এই রাজপথ অন্য কোনো দলের কাছে বিক্রি করা হয়নি, কেউ কিনেও নেয়নি। এই রাজপথ এ দেশের মেহনতি মানুষের। বিএনপি সব সময় অন্যায়, অবিচার, অত্যাচার এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে থেকে জনগণের অধিকার নিশ্চিত করেছে। বিএনপির ভিত্তি হলো জনগণ।’
মধ্যবাড্ডা, কাফরুল, উত্তরা, মিরপুর ও শাহবাগে গাড়িতে আগুন দিয়ে যারা পরিকল্পিত সন্ত্রাস চালিয়েছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান রিজভী।
বৈশ্বিক জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী
বর্তমান বৈশ্বিক জ্বালানি ও গ্যাস সংকটের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, সারা বিশ্বেই এখন জ্বালানি সংকট চলছে। বিভিন্ন দেশে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কিউবায় ১০ থেকে ১৫ দিন ধরে বিদ্যুৎ নেই বলেও তিনি উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহেও বিঘ্ন ঘটছে।
তার অভিযোগ, এসব বাস্তবতা বিবেচনায় না নিয়ে বিরোধী দলের কিছু নেতা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বক্তব্য
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, মাত্র ৩৫ সদস্যের একটি সংক্ষিপ্ত ও সাশ্রয়ী বহর নিয়ে প্রধানমন্ত্রী নিউইয়র্কে গেছেন। এতে দেশের অর্থ সাশ্রয় হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, বিগত সরকারের সময়ে সাবেক প্রধানমন্ত্রী ১৫০ থেকে ২০০ সদস্যের বড় বহর নিয়ে বিদেশ সফরে যেতেন বলে অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, সেসব সফরের মধ্যে নিউইয়র্ক থেকে লন্ডন ও ফিনল্যান্ডে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার বিষয়ও ছিল এবং পাচারকৃত অর্থের খোঁজ নেওয়ার উদ্দেশ্যেও যাওয়া হতো।
রিজভী বলেন, বর্তমান সরকার বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। দেশের অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতেও সরকার সচেষ্ট রয়েছে।
অর্থনীতি নিয়ে এডিবির বক্তব্যের প্রসঙ্গ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ইতোমধ্যে জানিয়েছে, বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপের ফলে দেশের অর্থনীতি উন্নতির দিকে মোড় নিচ্ছে।
তবে তাঁর অভিযোগ, একটি মহল জনগণের দুর্ভোগকে পুঁজি করে বিলাসিতা করছে এবং অতিরিক্ত গাড়িবহর নিয়ে শোডাউন করে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করছে।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণ
সমাবেশ শেষে রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আযাদ, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা অংশ নেন।
এ ছাড়া বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ, রফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, শেখ ফরিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



