মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের নজর এখন কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার নীতি, মার্কিন ডলারের গতিপথ এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির দিকে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ৫৫ ডলারে নেমে আসে। তবে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৩ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে মার্কিন ডলার দুই মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি স্থির রয়েছে। ডলারের দাম শক্তিশালী হলে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রায় লেনদেনকারী বিনিয়োগকারীদের কাছে তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে। এতে স্বর্ণের চাহিদায়ও প্রভাব পড়তে পারে।
ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রড্ডা বলেন, স্বল্পমেয়াদে স্বর্ণের দামের ওঠানামা অনেকটাই নির্ভর করবে তেলের দাম এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর। তবে দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজারের কাঠামোগত চালিকাশক্তিগুলো এখনো শক্তিশালী রয়েছে বলে তিনি মনে করেন।
সাধারণত মূল্যস্ফীতি ও বাজারের অনিশ্চয়তার সময়ে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদহার বেশি থাকলে সুদ থেকে আয় করা সম্পদের আকর্ষণ বাড়ে। ফলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আগ্রহ কিছুটা কমে যেতে পারে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতেও নজর
স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসানে কোনো সমঝোতা না হলে ইরানকে ‘ধ্বংস করে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন। একই সময়ে জাতিসংঘকে কেন্দ্র করে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে শিগগিরই একটি সমঝোতা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে সাধারণত নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়তে পারে। অন্যদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হলে সেই ঝুঁকি-প্রিমিয়াম কিছুটা কমে স্বর্ণের দামে চাপ তৈরি হতে পারে।
ফেডের সুদহার নীতিতে অনিশ্চয়তা
বস্টন ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট সুসান কলিন্স সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে জানান, ভবিষ্যতে মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রার ওপরে থাকার ঝুঁকি রয়েছে। এ কারণে গত সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর সিদ্ধান্তকে তিনি সমর্থন করেছেন।
তবে চলতি বছর সুদহার নির্ধারণকারী ফেডারেল ওপেন মার্কেট কমিটির ভোটাধিকার না থাকা কলিন্স ভবিষ্যতে আবার সুদহার বাড়ানোর পক্ষে রয়েছেন কি না, সে বিষয়ে কোনো অবস্থান জানাননি।
গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ নীতিনির্ধারণী সুদহার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশে নির্ধারণ করেছে। একই সঙ্গে চলতি বছর শেষ হওয়ার আগে আরও এক দফা সুদহার বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে ব্যাংক অব জাপান ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও সুদহার বাড়িয়েছে। ফলে বৈশ্বিকভাবে উচ্চ সুদহারের পরিবেশ আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্বর্ণের বাজারে বিনিয়োগকারীদের অবস্থানকে প্রভাবিত করছে।
২০২৬ সালে স্বর্ণের দাম নিয়ে পূর্বাভাস
এদিকে বিএমআইয়ের বিশ্লেষকেরা ২০২৬ সালে স্বর্ণের গড় দাম প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলার থাকবে—এমন পূর্বাভাস বহাল রেখেছেন।
বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক ঝুঁকি এবং বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহত স্বর্ণ কেনার কারণে বাজারে স্বর্ণের দামের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে। তাদের হিসাবে, দাম প্রতি আউন্স ৩ হাজার ৮০০ ডলারের কাছাকাছি একটি শক্ত অবস্থান ধরে রাখতে পারে।
কমেছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও
স্বর্ণের পাশাপাশি বুধবার অন্যান্য মূল্যবান ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
স্পট রুপার দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৮১৫ দশমিক ১১ ডলারে নেমেছে। আর প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩০১ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স



