ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে শেখ হাসিনার পাশাপাশি জেলা ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের ঘটনায় ঘটনাস্থল থেকে আলামত জব্দের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনসহ ১৫ থেকে ২০ জনকে ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর ভোরে কোটচাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে ১০ থেকে ১৫ জনের একটি দল মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে আটটি লাঠি জব্দ করা হয়, যা মামলায় আলামত হিসেবে দেখানো হয়েছে।



