tanaka
প্রচ্ছদসারাদেশনির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।

দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা। তার বাবার নাম হারুন অর রশিদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, রাসেল নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কুয়াকাটার সি স্টার হোটেলের ৩৯ নম্বর কক্ষ বুক করেন। সেখানে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি বিকাশের দোকান থেকে ৩০ হাজার টাকা রিচার্জ করেন বলেও জানান তিনি।

ইয়াসীন সাদেক আরও জানান, ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বরে থাকা মো. রাসেল মিয়ার নাম পরিবর্তন করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে মো. রাসেল হাওলাদার করা হয়। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্রও জাল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রাথমিকভাবে এসব তথ্য যাচাইয়ের পর প্রতারণার বিষয়টি সামনে আসে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

পরে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় রাসেল হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।